
কাঁধে তুলে নাও মুর্দার সাম্রাজ্য
মৃতদেহ পিছু তুলে আনো কতো সারপ্লাস?
মানবতা মিসাইল দিয়ে যায় ভাজ্য
মুক্তির নামে বাতাসে ওড়াও সন্ত্রাস
যুদ্ধের ছুঁচে বিঁধে যাই চেয়ে খাদ্য
ছটফট করে মুনাফার কালো আত্মা
ঘেঁটে দিয়ে সব বুর্জোয়া উপপাদ্য
উঠে আসেনা আর, কোনো লাল ফ্যারিস্তা
ধরো এরকমই কোনো যুবতী মায়ের বুকের
হিরোশিমা আর নাগাসাকি হলো দুটো স্তন
উপড়ে নিয়েছো শিশুর খিদের খাদ্য
পাড়িয়েছো ঘুম দিয়ে বিষাক্ত দংশন
অস্ত্রের তাপে ঝলসে দিচ্ছ তল্লাট
মানবিক ভুলে হয়ে ওঠো পারমাণবিক
জানি সব পোড়া শেষে পৃথিবীর শেষ বাগানে
ফের ভালোবাসা জুড়ে প্রাণ বুনবেন আদম ইভ

