মধ্যবিত্তের ঘেমো জামাতে ফুল ফুল শোক,
ষড়যন্ত্রের ম্যাপ, আর সুকান্ত
শ্মশানের রাস্তায় কাঁচ কাগজ মোড়া খই,
উড়ে যায় কবিতা কবিতা !
ঘরে ঘরে আমাদেরই গোবরের চোখ
মরা কান্নার জন্ম দিই আমরাই
কবি দেখেছিলো যুদ্ধের উদবাস্তুদের সাথে
পিওনের কাটাকুটি খেলা
আকাশ ময় মৃত প্রিয়তমার নাভির মতো
ছড়ানো তারা
সেদিনের ভূমিষ্ঠ শিশুটা, যার মুঠোয় কবি
ভরে দিলো আগুন
রামচাঁটি লাগিয়েছে তাকে
কবির পাথরের মুন্ডুটা পড়ে আছে রাস্তায়
যেন দেশলাই কাঠির মাথার বারুদ
আমরা কি আমাদের অকেজো হাত গুলো
সব মাংসাশী মাছগুলোকে খাইয়ে দেবো !
আর বেশী কথা নয়
দেখো মাথার কাছে গলা কাটা মোরগের
মতো সূর্য ডাকছে, যেতে হবে আমাদের !


